কাশি শুনে করোনা সনাক্ত করবে ‘ফ্লুসেন্স’!
কাশি শুনে জ্বরের পূর্বাভাস দিতে সক্ষম একটি ডিভাইস তৈরি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকদের তৈরি এই যন্ত্রের নাম ‘ফ্লুসেন্স’।
সহজে বহনযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত এই যন্ত্রটি কাশির শব্দ ও ভিড়ের আকার রিয়েল টাইমে শনাক্ত করতে সক্ষম। গবেষকার জানিয়েছেন, যন্ত্রে ধারণ করা শব্দ বিশ্লেষণ করে সরাসরি করোনাভাইরাস বা ফ্লুর মতো রোগ পর্যবেক্ষণ করা সম্ভব।
এই গবেষণা প্রবন্ধের সহযোগী লেখক তৌহিদুর রহমান জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির কম্পিউটিং প্ল্যাটফর্ম স্বাস্থ্য নজরদারির ক্ষেত্রেও প্রয়োজনীয় টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে মৌসুমি জ্বর বা অন্যান্য ভাইরাসজনিত শ্বাসযন্ত্রের সমস্যার পূর্বাভাস দিতে পারে। এর মাধ্যমে কোভিড-১৯ মহামারি বা সার্সের মতো ভাইরাস রোগের পূর্বাভাসও দেওয়া যায়।
‘প্রসিডিংস অব দ্য এসিএম অন ইন্টারঅ্যাকটিভ, মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকশাস টেকনোলজিস’ সাময়িকীতে লেখা গবেষণা প্রবন্ধে এ তথ্য জানিয়েছেন তিনি।
পরীক্ষার জন্য ডিভাইসটি অভিধানের আকারের আয়ত ক্ষেত্রাকার বাক্সে রেখে তা চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপেক্ষাগারে বসানো হয়েছিলো। ২০১৮ সালে ডিসেম্বর থেকে গত বছরের জুলাই মাস পর্যন্ত ফ্লুসেন্স সাড়ে তিন লাখ থার্মাল ইমেজ বিশ্লেষণ করে ও ২ কোটি ১০ লাখ অডিও নমুনা বিশ্লেষণ করে নিখুঁত তথ্য দিতে পেরেছে বলেও জানিয়েছেন মি: তৌহিদ।